‘সার্বক্ষণিক ইন্টারনেট প্রাপ্তির অধিকার গ্রাহকদের বিজয়’

২৫ ডিসেম্বর, ২০২৪ ১২:০৪  

নাগরিকদের সার্বক্ষণিক ইন্টারনেট প্রাপ্তির অধিকার ২(ভ) সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৪ এর অন্তর্ভুক্তিকে নতুন বাংলাদেশে গ্রাহকদের আরেক নতুন বিজয় বলে অভিহিত করেছেন গ্রাহক অধিকার নিয়ে সোচ্চার সংগঠন বাংলাদেশ মুঠোফোন গ্রাহক এসোসিয়েশন।

বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনের সভাপতি মহিউদ্দিন আহমেদ বলেন, আমরা দীর্ঘ কয়েক বছর যাবত ইন্টারনেটকে মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি প্রদানের দাবি জানিয়ে আসছি ইতিমধ্যে সংবিধানে ইন্টারনেটকে মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি প্রদান এবং নাগরিকের তথ্য সুরক্ষা অন্তর্ভুক্তির জন্য সভা সেমিনারের পাশাপাশি সংবিধান সংস্কার কমিশনের কাছে প্রস্তাবনা দিয়েছি। আমাদের দাবির প্রতি অন্তবর্তী সরকার সদয় হয়েছেন যা নতুন বাংলাদেশ গ্রাহকদের নতুন আরেক বিজয় বলে আমরা মনে করি।

অধ্যাদেশটি পাশ করায় বর্তমান অন্তবর্তী সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা তথ্য প্রযুক্তি উপদেষ্টা এবং আইসিটি পলিসি এডভাইজারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে সংগঠনটি।

সংগঠনের সভাপতি বলেছেন, আমরা বিশ্বাস করি এই অধিকার সংবিধানেও সংযুক্ত করা হবে। সকলের জন্য সম অধিকার অর্থাৎ সকলের জন্য হোক ইন্টারনেট সেবা। প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়ন করতে দ্রুতগতির নিরবিচ্ছিন্ন ইন্টারনেট সকলের অধিকার প্রতিষ্ঠা করা হোক। সেই সাথে গণমাধ্যম এবং গ্রাহকদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের দাবির সাথে সংহতি প্রকাশের পাশাপাশি আমাদের দাবির সংবাদটি গুরুত্বের সাথে প্রচার করার জন্য।